যৌতুক মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি টিপু সুলতানকে আজ গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ।
আজ শুক্রবার দুপুরের দিকে তাকে নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে বারহাট্টা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার টিপু সুলতান নেত্রকোণা জেলার বারহাট্টা থানাধীন সাহতা গ্রামের আবুল কাসেমের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোণা আদালতে যৌতুক নিরোধ আইনে সিআর ৬৭১(১)২০২৫ নম্বর মামলা চলমান ছিল। বিচারকার্য শেষে আদালত আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই টিপু সুলতান গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত আসামি টিপু সুলতান গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল গতকাল রাতে জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি চম্পক দাম আরো জানান, ‘আসামি টিপু সুলতান যৌতুক নিরোধ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোণা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।’