দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে এ মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলায় বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থানও কঠোর। ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কয়টি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ সময় তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।
পরে প্রতিমন্ত্রী বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।